গাড়ি সারাতে পুলিশের ‘মোবাইল ওয়ার্কশপ’
রাজধানীর সড়কে পুলিশের কোনো গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা আর বেশিক্ষণ সড়ক দখল করে যান চলাচলে ব্যাঘাত ঘটাবে না।
ছোট পিকআপ ভ্যানের চেসিসের ওপর বসানো এসব ভ্রাম্যমাণ ‘ওয়ার্কশপ’ দ্রুত ঘটনাস্থল থেকে অচল যান তুলে নিয়ে সারানোর কাজ শুরু করবে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, “চালকসহ দুজন মেকানিক থাকবেন এসব মোবাইল ওয়ার্কশপে। গাড়ি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও থাকবে। মহানগরে পুলিশের যানবাহন সচল রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রদর্শনীতে শনিবার রাজারবাগ পুলিশ লাইনে পরিবহন বিভাগের স্টলে এই ওয়ার্কশপ সাংবাদিকদের দেখানো হয়।
পরিবহন বিভাগের স্টল ছাড়াও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স, লজিস্টিক অ্যান্ড প্রকিউরমেন্ট, সোয়াট, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন, বম্ব ডিসপোজাল ইউনিট, অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ, পথের দিশারী (ট্রাফিক) ও পুনাক বাংলাদেশ পুলিশের স্টল ছিল এই প্রদর্শনীতে।
উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার শামীমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২৪ শ’র বেশি ভুক্তভোগীকে আশ্রয় দেয়াসহ নানা ধরনের সেবা দিয়েছেন তারা।
অনুষ্ঠানে রাজধানীকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে সমর্থন দিয়ে যাওয়ায় নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি বলেন, “২০১৩ সাল ছিল পুলিশের জন্য একটি চ্যালেঞ্জের বছর। দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র, হুমকি-ধমকি, গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র, এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সফল হয়েছে ডিএমপির সদস্যরা।”
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গতবছরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, ২০১৩ সালে ডিএমপিতে মোট ২১ হাজার ৪২১টি মামলা হয়। এর মধ্যে ৪ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে।
