২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে চুরি: ‘সোহেলের আসল নাম ইউসুফ মুন্সী’

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে চুরির ঘটনার মূল হোতা সোহেল জিজ্ঞাসাবাদে আরো নতুন তথ্য দিয়েছেন পুলিশকে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

এতদিন নিজের নাম হাবীবুর রহমান সোহেল রানা বলে আসলেও পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম ইউসুফ মুন্সী (৩৭) বলে জানান।

এছাড়া তার সঙ্গে গ্রেপ্তার হওয়া ইদ্রিছ তার আপন ছোট ভাই ইদ্রিছ মুন্সী (৩০)।

তারা পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া গ্রামের সিরাজ মুন্সীর ছেলে বলে পুলিশকে জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক জিজ্ঞাসাবাদে এ তথ্য পান বলে নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে সোহেল জানান, ভুল জায়গার কারণে প্রথমবার তার সুড়ঙ্গ তৈরি ভেস্তে যায়। প্রথমবার তৈরি সুড়ঙ্গ ভল্টের পাশের একটি প্যাসেজ দিয়ে বের হয়। তবে দ্রুত তা ভরাট করে ফেলেন তিনি।

এরপর ওই ব্যাংকের পিয়ন আবু বাক্কারের সঙ্গে বৈদুত্যিক মিস্ত্রি পরিচয়ে সম্পর্ক গড়ে তোলেন।

বছরখানেক আগে  ভল্টের ভিতর বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে আবু বাক্কার তা সমাধানের জন্য সোহেলকে নিয়ে আসেন। ভল্টের ভিতর বিদ্যুতের কাজ করার সময় সোহেল ভালোমতো ধারণা নেন এবং পরবর্তীতে আবার নতুন করে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করেন। দ্বিতীয় দফায় আর ভুল হয়নি।

সোহেল আরো জানান, তিনি দীর্ঘদিন সৌদি আরবে নির্মাণ শ্রমিকের কাজ করেছেন এবং সে অভিজ্ঞতা সুরঙ্গ তৈরির কাজে লাগান।

চুরির পরিকল্পনা অনুযায়ী ব্যাংক সংলগ্ন মিনা আক্তারের বাসাটি নানা কৌশলে ভাড়া নেন তিনি।

এরপর বছর দুয়েক আগে পরিচয় হয় ব্যাংকের নিয়মিত লেনদেনকারী এ নারীর সঙ্গে। তার মাধ্যমেই পরিচয় হয় ব্যাংকের আরো কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে।

পিতা ব্যাংকের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে সোহেল সখ্য গড়ে তোলেন তাদের সঙ্গে।

গত রোববার কিশোরগঞ্জ শহরের সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি হয়। দুদিন পর মঙ্গলবার বিকালে রাজধানীর শ্যামপুর থেকে প্রথমে সোহেল ওরফে ইউসুফ মুন্সীকে গ্রেপ্তারের পর তার সাবেক এক সহকর্মীকে আটক এবং চুরি হওয়া টাকার মধ্যে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।