কক্সবাজারে অপরিকল্পিত নগরায়নে উদ্বেগ
পর্যটনের শহর কক্সবাজারে অপরিকল্পিত নগরায়নের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
শুক্রবার কক্সবাজারে এক গোলটেবিল বৈটকে বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে না পারলে দেশের আগামী প্রজন্ম ঝুঁকিতে থাকবে।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘প্রকৃতি পরিবেশ রক্ষার দায়িত্ব সবার, ধর্ম যার যার, উৎসব আনন্দ সবার’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ঘুড়ি ফেড়ারেশন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
বৈঠকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বাংলাদেশ সরকার পরিবেশ রক্ষায় আড়াই হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রেখেছে। এর মধ্যে সেন্টমার্টিন ও কক্সবাজারের পরিবেশ রক্ষার জন্য রয়েছে দুই কোটি টাকা।
জ্যোতির্বিজ্ঞানী ড. দীপেন ভট্টচার্য বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে রক্ষা করা নাগরিক কর্তব্য। এ সৈকতকে পরিবেশবান্ধব করা গেলে রাষ্ট্রের উন্নতি হবে।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি ড. এ আর খান বলেন, প্রকৃতি, সামাজিক ও পারিবারিক এ তিনটি পরিবেশ রক্ষা করতে না পারলে সার্বিকভাবে পরিবেশ রক্ষা করা যাবে না।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ন সাধারণ স¤পাদক শরিফ জামিলের সঞ্চালনায় বৈঠকে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা, পরিবেশ সংগঠক রুহিন হোসেন প্রিন্স, বাপা নেতা আবদুল করিম, তোফায়েল উদ্দিন সোহেল, বাংলাদেশ টুরিস্ট বোর্ডের সদস্য রুহুল আমিন, বাপা নেতা সাইফুল করিম কলিম, সাংবাদিক দীপক শর্মা দীপু প্রমুখ।
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে শুক্রবার শুরু হচ্ছে দুদিনব্যাপী জাতীয় ঘুড়ি উৎসব।
ঘুড়ি ফেড়ারেশনের কর্মকর্তারা জানান, বেলা ২টায় বাংলাদেশ ঘুড়ি ফেড়ারেশন আয়োজিত এ উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর।
উৎসবের প্রথমদিন ওড়ানো হবে ঐতিহ্যবাহী দেশীয় ঘুড়ির পাশাপাশি বিশাল পকেট কাইট, বাজিকর কাইট, ড্রাগন কাইট, সিরিজ কাইট, ট্রেন কাইট।
এছাড়া সন্ধ্যার আকাশে থাকবে আকর্ষণীয় আলোক ঘুড়ি ও ফানুস উড্ডয়ন।
