‘বন্দুকযুদ্ধে’ ফেনীতে যুবদল নেতা নিহত
ফেনীর ফাজিলপুরে পুলিশ-র্যাবের যৌথ অভিযানে যুবদলের এক নেতা নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার নিহত হন। তিনি ওই ইউনিয়নের লস্কর তালুক এলাকার নুর ইসলাম বাড়ির মোহাম্মদ মোহসিনের ছেলে। তার বিরুদ্ধে ২০টির উপর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ‘বন্দুকযুদ্ধে’ এক উপ-সহকারী পরিদশকসহ(এসআই) তিন পুলিশ সদস্যও আহত হন।
ফেনী মডেল থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের লস্কর তালুক এলাকায় র্যাব-পুলিশের সমন্বয়ে যৌথবহিনী অভিযান চালায়।
“এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে যুবদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার ওরফে পিচ্চি সরওয়ার গ্রুপ এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।
“একই সময় যৌথবাহিনীও পাল্টা গুলি চালালে গোলাম সরওয়ার গুলিবিদ্ধ হন।
“গোলাগুলিতে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আবদুর রশিদ (৩৫), কনস্টেবল মনিরুল ইসলাম (২২) ও রেবতি চাকমা (৪৫) হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
“যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ২টি কার্তুজ ভর্তি একটি কাটারাইফেল, একটি এলজি উদ্ধার করে।”
পরে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক গোলাম সরওয়াকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তবে র্যাব-৭ ফেনী আঞ্চলিক ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর মহিউদ্দিন নিহতের বিষয়টি তদন্ত করে পরে জানাবেন বলেছেন।
এদিকে, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান মামুন দাবি করেন র্যাব সদস্যরা গোলাম সরওয়ারকে বাজারের যুবদল কার্যালয় থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে।
