রাষ্ট্রব্যবস্থা ‘ধনীবান্ধব’: মিজানুর
রাষ্ট্র ‘ধনীবান্ধব’ হওয়ায় তা সত্যিকার অর্থে বঞ্চিত শ্রেণির পরিবর্তন চায় কি না সে প্রশ্ন তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সিডও ও দলিত নারী : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান ‘পরিপূর্ণ শিক্ষা ছাড়া’ সাম্প্রদায়িক বৈষম্য দূর করা সম্ভব নয় জানিয়ে এজন্য শিক্ষকদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেয়ার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “পৃথিবীর কোনো আইনই মানুষকে ভালোবাসতে বাধ্য করতে পারে না। কিন্তু কেউ যেন অন্য আরেকজনের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ না ঘটাতে পারে, এটি করতে বাধ্য করতে পারে।”
“এ ধরনের আইন হওয়া উচিত যেন কিছুটা হলেও বৈষম্যের শিকার জনগোষ্ঠিকে স্বস্তি দেয়া সম্ভব হয়।”
বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ‘ধনীবান্ধব’ আখ্যা দিয়ে তিনি বলেন, “রাষ্ট্র কি আসলেই চায় বঞ্চিত শ্রেণির পরিবর্তন বা ক্ষমতায়ন হোক? রাষ্ট্রকে এ বিষয়টি নিশ্চিতে বাধ্য করতে না পারলে তারা এটি মানতে চাইবে না।”
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “আমাদের মনের গহীনে যে সাম্প্রদায়িকতা ও ঘৃণার বীজ লুকানো রয়েছে তা থেকে বের হতে হলে শিক্ষার বিকল্প নেই। একমাত্র পরিপূর্ণ শিক্ষা ছাড়া এ বৈষম্য দূর করা সম্ভব নয়।
“এক্ষেত্রে আমি বলবো ধর্মীয় শিক্ষারও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে বাচ্চাদের ছোট থেকেই শেখাতে হবে যে বৈষম্য করা একটি পাপ।”
শিক্ষকদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তারা যেন মানবাধিকার বিষয়টি নিজেরা বোঝেন এবং শিক্ষার্থীদেরও বোঝাতে পারেন।
দালিত নারীদের ক্ষমতায়নের জন্য সামগ্রিক নারী সমাজের ক্ষমতায়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম, দলিত নারী ফোরামের সভাপ্রধান মনি রানী দাস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার কমিশনের সদস্য আরোমা দত্ত প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফারজানা ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
