দল নিবন্ধনে ‘শর্তের’ বৈধতার রিট আবেদন খারিজ
রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ খারিজের এই আদেশ দেয়।
সাইফ উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তির ওই রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত বছর হাই কোর্ট রুল দিয়েছিল।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন গরীবে নেওয়াজ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন শাহদীন মালিক। তাকে সহায়তা করেন মো. মনজুর আলম।
শাহদীন মালিক বলেন, ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০(বি) ধারা এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮’র বিধি-৬ চ্যালেঞ্জ করে এই রিট আবেদনটি করা হয়েছিল, যা খারিজ হল।
মনজুর আলম সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় বেশকিছু পরিবর্তন আনা হয়। এর মধ্যে বিধি-৬ এ বলা হয়েছে, নিবন্ধন পেতে একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তরসহ এক-তৃতীয়াংশ জেলায় দপ্তর, একশ’টি উপজেলা বা মেট্টোপলিটন থানায় দপ্তর থাকতে হবে। প্রতি উপজেলা বা থানায় সদস্য হিসাবে অন্তত ২ শ’ ভোটার থাকতে হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০(বি)’তেও একই বিষয় রয়েছে।
