২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুঁইফোঁর সংগঠন করে অধিদপ্তরের অর্থ আত্মসাৎ’

সিরাজগঞ্জে হঠাৎ গজিয়ে ওঠা কিছু সংগঠনের মাধ্যমে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র নারীদের উন্নয়নের নামে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিপুল অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।

ইসরাইল হোসেন বাবু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 09:09 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

জেলায় সরকারি অনুদানপ্রাপ্ত ১৬০টি নারী সংগঠন বা সমিতি রয়েছে। এগুলোর নামে গত ৫ বছরে প্রায় দেড় কোটি টাকা অনুদান নেয়া হয়। অথচ এসব সমিতির মধ্যে হাতেগোনা কয়েকটি মাত্র সক্রিয় আছে। বাকিগুলোর অধিকাংশেরই অস্তিত্বই নেই। আবার কয়েকটি চলছে অতি রুগ্ন অবস্থায়।

গত অর্থবছরে ১০২টি সংগঠনের অনুকূলে ২০ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থবছরে আরও ২০ লাখ টাকার মতো দেয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরইমধ্যে।

গত এক সপ্তাহে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, উল্লাপাড়া, বেলকুচি ও কামারখন্দ উপজেলায় প্রায় অর্ধশত সংগঠনের ঠিকানায় সরেজমিন গিয়ে এসব চিত্র পাওয়া যায়।

এসব সংগঠনের মধ্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরীসহ ক্ষমতাসীন দলের অনেক নেতানেত্রীর সংগঠনও রয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারাসহ এসব নারী সংগঠনের অনেক নেত্রী অভিযোগ স্বীকার করেছেন। আবার কেউ কেউ বলেন আগে সমিতি পরিচালিত হলেও বর্তমানে নানা ঝামেলা ও ব্যস্ততার কারণে বন্ধ আছে।

সিরাজগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ বলেন, নতুন অবস্থায় রেজিস্ট্রেশনের প্রয়োজনে সংগঠনগুলোর নেত্রীরা পরিপাটি করে তাদের অফিস তৈরি করে রাখে। আর রেজিস্ট্রেশন বা নাবায়ন হয়ে গেলে সেগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যায়। তখন আর কিছুই করার থাকে না।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস বেগম বলেন, তালিকা প্রণয়ন করে জেলা প্রশাসনের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। এরপর মন্ত্রণালয়, অধিদপ্তর ও বাংলাদেশ মহিলা কল্যাণ সমিতির অনুমোদন সাপেক্ষে অনুদান দেওয়া হয়।

“দুই মাস আগে ২০টি সমিতি পরিদর্শন করেছি, কিন্তু অনুদানের টাকা উত্তোলন করলেও ১৬টি সংগঠনের কোনো কার্যক্রম নজরে না আসায় তাদের সতর্ক করা হয়,” বলেন লায়লা।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, “জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা সমিতি নির্বাচন ও তালিকা প্রণযন করে আমাদের কাছে পাঠায়। সেগুলো অনুমোদনের জন্য আমরা অধিদপ্তরে পাঠিয়ে দেই।

“অনিয়ম বা ত্রুটি থাকলে এর সকল দায়-দায়িত্ব মূলতঃ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের।”

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের (বামকপ) রাজশাহী অঞ্চলের সদস্য ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিলা বিষয়ক অধিদপ্তরই মূলতঃ সমিতির তালিকা প্রণয়ন করে। আমরা সেগুলো অনুমোদন দিয়ে প্রশাসনের মাধ্যমে অধিদপ্তরে পাঠিয়ে দেই।

“সিরাজগঞ্জ জেলায় অনুদানপ্রাপ্ত ১৬০টি সংগঠন বা সমিতির মধ্যে হাতেগোনা ৫/১০টি ছাড়া বাকিগুলো নিষ্ক্রিয়। কিন্তু ক্ষমতা না থাকায় কোনো ব্যবস্থা নেয়া যায় না।”

নিজের রুগ্ন প্রতিষ্ঠানটির বিষয়ে বলেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে রুগ্ন হাল হলেও আগামীতে সমিতির কার্যক্রম সক্রিয় করা হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক আশরাফ হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।