সাংসদ হিসাবে শপথ নিলেন শিরীন শারমিন
দশম জাতীয় সংসদের স্পিকার নির্বাচনের আগে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন নবম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
কার্যপ্রণালি বিধি অনুযায়ী বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কক্ষে নিজেই শপথ নেন রংপুরের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসা এই সাংসদ, গত সংসদে যিনি এসেছিলেন সংরক্ষিত আসনের সাংসদ হিসাবে।
সাংসদ হিসাবে শপথবাক্য পড়ে শপথনামায় সই করেন স্পিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই তার শপথ হয়।
শপথ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলিঙ্গন করেন শিরীন শারমিন চৌধুরীকে।
পরে স্পিকার সংসদ সচিবের কক্ষে গিয়ে স্বাক্ষর বইতে সই করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব আশরাফুল মকবুল।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনয়ন পাওয়ায় ইতোমধ্যে দ্বিতীয় দফায় স্পিকার হওয়ার পথে রয়েছেন শিরীন শারমিন, যিনি এই দায়িত্বে দেশের প্রথম নারী।
নিয়ম অনুযায়ী, সন্ধ্যায় দশম সংসদের প্রথম অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচন হবে। আর সব কিছু ঠিক থাকলে বুধবারই নতুন স্পিকার হিসাবে শপথ নিতে পারেন নোয়াখালীর মেয়ে শিরীন শারমিন।
সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্যের ভোট দেয়ার সুযোগ না থাকায় শিরীন শারমিনের স্পিকার নির্বাচিত হওয়ায় কোনো বাধা নেই।
শপথ নেয়ার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আমি পীরগঞ্জ থেকে উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমি ওই এলকার জনপ্রতিনিধি হিসেবে কাজ করব। এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করব।”
শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, দশম সংসদের ডেপুটি স্পিকার পদে আওয়ামী লীগের মনোনীত ফজলে রাব্বি মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, রেলমন্ত্রী মুজিবুল হক, হুইপ মো. আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম ও মো. শাহাব উদ্দিন এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
নোয়াখালীর এই আওয়ামী লীগ নেতা গত ৫ জানুয়ারির নির্বাচনে সরাসরি অংশ নিতে চাইলেও মনোনয়ন পাননি। এরপর শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি।
ওই আসনে উপ নির্বাচনের জন্য ২০ ফেব্রুয়ারি ভোটের তারিখ রাখা হলেও আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মঙ্গলবারই যাচাই বাছাই শেষে শিরীন শারমিনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
অতীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার হওয়ার পর বিনাপ্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নজির থাকলেও শিরীন শারমিনের ক্ষেত্রে আগেই ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো ‘তড়িঘড়ি’ ছিল না বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
গত নবম জাতীয় সংসদে প্রথমবারের মতো আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
স্পিকার শিরীন শারমিনই ডেপুটি ফজলে রাব্বী
শিরীন শারমিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট
