খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
খুলনার বন্ধ হওয়া দাদা ম্যাচ ফ্যাক্টরিতে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ড হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে দাদা ম্যাচ ফ্যাক্টরির সেকশন এ-এর ১ নম্বর এবং সেকশন বি-এর ২ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের বয়রা স্টেশনের কর্মকর্তা মো. মাসুদ সরদার বলেন, আগুনে ম্যাচের কাঠি, বারুদ, মটর, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
তদন্ত শেষে বলা সম্ভব হবে বরে তিনি জানান।
ফ্যাক্টরির সিবিএ সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ সাংবাদিকদের বলেন, ওই ভবনগুলোতে মূল্যবান কোনো মালামাল ছিল না বলে তিনি জানান।
খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরিটি ২০১০ সালের ১৮ অগাস্ট লোকসানের কারণ দেখিয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেয়, যা চালুর জন্য শ্রমিক-কর্মচারীদের সঙ্গে খুলনাবাসীও আন্দোলন করছে।
