২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হিন্দুদের হুমকি দিয়ে চিঠি

দেশ ছাড়ার হুমকি দিয়ে সাতক্ষীরা শহরের ৩০টি হিন্দু পরিবারের কাছে একটি উড়োচিঠি এসেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 10:43 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

ডাকযোগে মঙ্গলবার আসা এই চিঠিটি পেয়েছেন শহরের পলাশপোলের জজ আদালতের বিপরীতে সবুজবাগের বাসিন্দা হিন্দু পরিবারগুলো।

চিঠিতে হুমকি পাওয়ারা রাত পর্যন্ত পুলিশের শরণাপন্ন না হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক।

জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের রায়ের পর থেকে সহিংসতা চলছিল সাতক্ষীরায়। নির্বাচনকে কেন্দ্র করেও তা অব্যাহত ছিল।

এরপর নির্বাচন শেষে ওই জেলায় যৌথ অভিযান চলছে, যাতে সংঘাতে নিহতও হয়েছেন কয়েকজন। এর মধ্যেই হিন্দুদের কাছে এই উড়োচিঠি এল।

চিঠির প্রাপকদের মধ্যে বেশ কয়েকজন আইনজীবী রয়েছেন, অন্যরা বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরজীবী এবং আইনজীবী সহকারী।

চিঠিগুলোর সবক’টির খামের ওপর প্রেরকের স্থানে লেখা রয়েছে ‘মানবাধিকার সংঘ সাতক্ষীরা’।

সব চিঠির ভাষাও এক, এতে লেখা রয়েছে- “জনাব, দীর্ঘদিন হয়ে গেল। এবার আর না। রামরাজত্ব তো বহুদিন করলেন। এবার রাজত্ব ছেড়ে পারেন আর বিক্রি করে পারেন, রাজত্ব ছাড়তেই হবে। এবারকার মতো সহজে বুঝালাম। পরে কিন্তু আর সহজে বুঝাব না, বাই”।

চিঠিগুলোর সবই হাতে লেখা। খামের ওপর সিল দেখে বোঝা যায়, এগুলো খুলনা থেকে পাঠানো হয়েছে।

চিঠির প্রাপকদের বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে যাবেন।

এই বিষয়ে যোগাযোগ করা হলে ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর করা হচ্ছে।”