টিকা দেওয়ার পর মৃত্যুর তদন্ত শুরু
হাম ও রুবেলা টিকা দেয়ার কর্মসূচির মধ্যে শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত তিনটি টিম কাজ শুরু করেছে ঝিনাইদহে।
মঙ্গলবার টিম তিনটি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজলোর কালীশংকরপুর গ্রামে যায়। এ সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি তাদের সঙ্গে ছিলেন।
সারাদেশে এ টিকাদান কর্মসূচি চলাকালে সোমবার গাজীপুর ও ঝিনাইদহে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর কারণ অনুসন্ধানে আলাদা আলাদা পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরমধ্যে তিনটি গঠিত হয় ঝিনাইদহে এবং দুটি গাজীপুরে।
টিকা দেয়ার আড়াই ঘণ্টা পর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজলোর কালীশংকরপুর গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে আরিফুল ইসলাম মাসুমের (১৩) মৃত্যু হয়। সে স্থানীয় ভায়না মাধ্যমিক স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মাসুমের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তিন টিমের একটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুটি করেছে সিভিল সার্জন অফিস।
তিনটি টিমই ঘটনাস্থল ভায়না মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে। সদস্যরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।
তারপর তারা মৃত ছাত্র অরিফুল ইসলাম মাসুমের বাড়ি কালীশংকরপুর গ্রামে যান। সেখানে অরিফুলের বাবা মোকাদ্দেস আলি ও অন্যদের সঙ্গে কথা বলেন।
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুরুর দিন শনিবার রাজধানীতে টিকা দেয়া হচ্ছে একটি শিশুকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিমের প্রধান যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু হেনা মাহবুবুল আলম চৌধুরী তদন্তের ব্যাপারে সাংবাদিককে কোনো কথা বলতে রাজি হননি।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. নাসরিন সুলতানাও মৃত ছাত্রের মা বাবার সাথে কথা বলেন।
তিনি বলেন, ছেলেটির অ্যাজমা ( হাঁপানী ) রোগ ছিল। এজন্য সে টিকিৎসাও নিত।
কমিটিগুলো তদন্ত রিপোর্ট দিলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সির্ভিল সার্জন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায়ও টিকা নেয়ার কয়েক ঘণ্টা পর আফরোজা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
প্রহ্লাদপুর ইউনিয়নে মেন্দিপুর গ্রামের আব্দুল ওয়াহিদের মেয়ে আফরোজা স্থানীয় প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
এই মৃত্যু তদন্তে গাজীপুর জেলা সিভিল সার্জন ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে।
টিকা দেয়ার সময় কাছে থাকা চাচাত বোন অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, টিকা দেয়ার ১৫ থেকে ২০ মিনিট পর আফরোজা ‘শরীর কাঁপছে ও মাথা ঘুরছে’ বলে তাকে জানায়।
কিছুক্ষণ পর আফরোজা আরো অসুস্থ হয়ে স্কুলের বারান্দায় বসে পড়লে বাড়িতে খবর দেয়া হয়।স্কুল থেকে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসান ইমাম বলেন, মেয়েটি শ্বাসকষ্টের রোগী ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
টিকা নেয়া দুই শিশুর মৃত্যু তদন্তে ৫ কমিটি
