চট্টগ্রামে প্রাইভেট কার ধাওয়া করে মদ-বিয়ার উদ্ধার
চট্টগ্রামে তিন দফা ধাওয়ার পর অঅটক প্রাইভেট কার তল্লাশি করে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (এসি, পাঁচলাইশ জোন) আব্দুর রউফ জানিয়েছেন, উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৫২ বোদল মদ ও ৩৩ ক্যান বিয়ার।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, “সোমবার রাত ১১ টার দিকে পাঁচলাইশ থানা পুলিশের একটি টহল দল সুগন্ধা আবাসিক এলাকার সামনে প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু গাড়িটি না থামিয়ে দ্রুত চলে যায়।”
“সিডিএ অ্যাভিনিউয়ে রওশন বোর্ডিং এলাকায় এবং বিবির হাট এলাকায় পুলিশ আবার সংকেত দিলে চালক গাড়িটি পেছনে ঘুরিয়ে রেল ক্রসিংয়ের সামনে রেখে পালিয়ে যায়।
পরে গাড়িটি তল্লাশি করে বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়,” বলেন ওসি ওমর ফারুক।
গাড়িটিতে ফরহাদ নামে এক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া যায় জানিয়ে এসি আবদুর রউফ বলেন, “ধারণা করা হচ্ছে গাড়ির মালিক ফরহাদ নামে এ ব্যক্তি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে।”
২১ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম ও টেকনাফে আলাদা অভিযানে ২১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে উপকূল রক্ষীবাহিনী (কোস্ট গোর্ড) ও গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে ও সোমবার রাতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু ও টেকনাফের ১ নম্বর স্লুইচ গেট এলাকায় এসব অভিযানে চার জনকে আটক করা হয়।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক নম্বর স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকায় ১৯ হাজার ৪২৬টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেউ আটক হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮৫০টি ইয়াবাসহ সিদ্দিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সোমবার রাতে একই এলাকা থেকে ৮০০টি ইয়াবাসহ হামিদ, মোস্তফা ও জাফর নামে তিন জনকে আটক করে পুলিশ।
