২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিপুল ভারতীয় কাপড় আটক

বেনাপোল স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ট্রাকভর্তি ভারতীয় কাপড়ের একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 05:36 PM

বন্দর এলাকা থেকে সোমবার বিকালে এসব কাপড় আটক করা হয় বলে জানান বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওমর ফারুক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান ‘হাজী এ্যাপারেলস’ বন্ডের মাধ্যমে (ডিউটি ফ্রি) ১৮ জানুয়ারি ভারত থেকে চারটি মেনিফেস্টের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে এক ট্রাক কাপড় আমদানি করেন।

চালানটিতে বন্ডের মাধ্যমে শতভাগ ‘লেডিস পলেস্টার স্কার্ফ কাপড়’আমদানি করা হয়েছে মর্মে মিথ্যা ঘোষণা দেয়া হয়।

এ চালানে আমদানি নিষিদ্ধ এবং ঘোষণাতিরিক্ত ও ওভার ইনভয়েসিং করা হয় বলে জানান শুল্ক কর্মকর্তা ওমর ফারুক।

ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ফিসাই এক্সিম ইন্ডিয়া প্রা. লিমিটেড’ থেকে আসা চালানটি কাস্টমস কার্গো শাখা থেকে গ্রহণ করে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স গনি এন্ড সন্স।

এ চালানের আমদানি মূল্য তিন লাখ ২৪০ মার্কিন ডলার দেখানো হয়েছে, যার মূল্যসহ শুল্ক ফাঁকির পরিমাণ ৬ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা নিশ্চিত করেছে বলে জানান ওমর ফারুক।

বেনাপোল  শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওমর ফারুক বলেন, “আটক পণ্য চালানটিতে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা ভারতে পাচার করার চেষ্টা করা হয়েছে।”

বন্ড জালিয়াতির মাধ্যমে এভাবে রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে বলে তিনি জানান।