আত্মসমর্পণ করে জামিন পেলেন মহিউদ্দিন
দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার সকালে মহিউদ্দিন চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
বিচারক এস এম আতাউর রহমান শুনানি শেষে এ মামলার পরবর্তী তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
সম্পদের তথ্য গোপন এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের এই মামলায় সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে গড়হাজির থাকায় একই আদালত সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
মহিউদ্দিনের আইনজীবী রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিউনিকেশন গ্যাপ থাকায় মহিউদ্দিন চৌধুরী গত তারিখে আদালতে হাজির হতে পারেননি। উনি হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত। এসব রোগের মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দেয়া হয়েছে।”
মহিউদ্দিন চৌধুরী সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় দুদকের আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেননি।
২০০৭ সালের ২ ডিসেম্বর দুদকের চট্টগ্রামের তৎকালীন উপ-পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করেন। এতে তার বিরুদ্ধে দুই কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার সমপরিমাণ সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ৯৫৪ টাকার বৈধ আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরের বছর নভেম্বরে দুদকের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন খান এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি মামলার একমাত্র আসামি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০০৯ সালের ২০ মে উচ্চ আদালত মামলায় স্থগিতাদেশ দেয়। এর আগে নয়জন এ মামলায় সাক্ষ্য দেন।
২০১৩ সালের ৪ এপ্রিল স্থগিতাদেশ উঠে গেলে আবার মামলার বিচার কাজ শুরু হয়।
মহিউদ্দিনকে গ্রেপ্তারে পরোয়ানা
