২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে বিএনপিকর্মী খুন

পাবনার ঈশ্বরদীতে সোমবার রাতে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 11:57 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

নিহত জাহাঙ্গীর আমবাগান এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। তার সঙ্গে থাকা বুরু মিয়া (৩৫) ও রনি (২৮) নামে আরো দুজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে আমবাগান এলাকায় একটি দোকানে বসে ছিল জাহাঙ্গীর। এসময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

“জাহাঙ্গীরের বন্ধুরা ঠেকানোর চেষ্টা করলে তাদেরও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা।”

তিনজনকে প্রথমে ঈশ্বরদী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত জাহাঙ্গীরের বড় ভাই জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী নেয়ার পথে তার ছোট ভাই চারঘাট এলাকায় মারা যায়।

তাৎক্ষণিকভাবে পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান এই ঘটনার জন্য আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন।