দুদকে যাচ্ছে ৬ মন্ত্রী-এমপির হলফনামা
সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা সাবেক তিন মন্ত্রী ও তিন সংসদ সদস্যের সম্পদের বিবরণ সম্বলিত হলফনামা দুর্নীতি দমন কমিশনে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
সাংবিধানিক একটি সংস্থা দুদকের চাওয়ায় অন্যটি এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এই ছয়জন হলেন-সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক দুই প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও মাহবুবুর রহমান, সংসদ সদস্য আসলামুল হক, আব্দুর রহমান বদি ও এম এ জব্বার।
হলফনামা ধরে বিভিন্ন সংবাদপত্রে গত পাঁচ বছরে তাদের সম্পদ বৃদ্ধির বিষয়টি প্রকাশিত হলে তা আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুদক।
আ ফ ম রুহুল হক ও আব্দুল মান্নান খান
এরপর দুদকের পক্ষ থেকে হলফনামার তথ্য চেয়ে পাঠানো হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন উপসচিব জানান।
তিনি বলেন, “সিইসির কাছে পাঠানো পত্রে নবম ও দশম সংসদের ছয়জন সদস্যের হলফনামা পাঠাতে বলা হয়েছে। তা প্রস্তুত করে শিগগির দুদকে পাঠাব আমরা।”
দুদকের মাসুদুর রহমানসহ দায়িত্বশীল সহকারী পরিচালকরা তদন্তকাজের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ জানান।
আব্দুর রহমান বদি ও আসলামুল হক
ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল, কক্সবাজার-৪ আসনে একই দলের রহমান বদি এবং সাতক্ষীরায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জব্বারের হলফনামার অনুলিপি মঙ্গলবারের মধ্যে চেয়েছে দুদক।
গত ২২ জানুয়ারি এই ছয়জনের সম্পদ অনুসন্ধানের জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেয় দুদক। তাদের সঙ্গে রাজশাহীর সাবেক সংসদ সদস্য এনামুল হকের সম্পদ অনুসন্ধানেও কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।
তবে এনামুল হকের হলফনামা সরবরাহের বিষয়ে কোনো আবেদন পাওয়া যায়নি বলে ইসির ওই কর্মকর্তা জানিয়েছেন।
রুহুল হক-মান্নান খানের সম্পদ অনুসন্ধানে দুদক
