২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারকে নিয়ে আশঙ্কা সত্যি হয়েছে: ফখরুল

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রদল নেতা আজহারুল ইসলামকে ‘ক্রসফায়ারে হত্যার’ যে আশঙ্কা বিএনপি প্রকাশ করেছিল, তা সত্যি হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 02:58 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল অভিযোগ করেন, বিরোধী দলকে নির্মূলে রাষ্ট্রীয়ভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।

“আজহারুল ইসলামকে রাতেই বিচারবহির্ভূত ভাবে হত্যা করা হতে পারে বলে গতকাল (রোববার) সংবাদ সম্মেলনে আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন আশঙ্কা করেছিলেন। এই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে।  আজ ভোর ৪টায় তালা থানা থেকে ১ কিলোমিটার দূরে তাকে চারটি গুলি করে হত্যা করা হয়েছে।”

পুলিশ বলছে, তালা উপজেলা ছাত্রদলের সহ সভাপতি আজহারকে রোববার সকালে আটকের পর তাকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে তালার মাগুরা খেয়াঘাট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আজহার।

ফখরুলের অভিযোগ, “এসব বিচারবহির্ভূত হত্যকাণ্ড রাষ্ট্রীয়ভাবে ঘটানো হচ্ছে। আমরা মনে করি, বিরোধী দলকে নির্মূলে ক্রসফায়ারের সাজানো নাটক করে মানুষ হত্যা করা হলে কোনো মানুষই নিরাপদ থাকতে পারে না।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সারাদেশে যৌথ বাহিনীর অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সর্বত্র এক সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। গতকালও সাতক্ষীরায় তিনজন, শৈলকূপায় একজনকে হত্যা করা হয়েছে। এভাবে সারাদেশে শতাধিক নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে।”

তারপরও গণমাধ্যমে এসব খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে না মন্তব্য করে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি জানিয়ে ফখরুল বলেন, “সত্য বললে ও সরকারের বিরোধিতা করলে তুলে নিয়ে হত্যা করা হবে, আর আমরা নিরব থাকব, তা হতে পারে  না।”

প্রেস ব্রিফিংয়ের আগে দলীয় কার্যালয়ে দলের যৌথ সভায় সভাপতিত্ব করেন ফখরুল। আগামী ২৯ জানুয়ারি বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু , যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এ সভায় অংশ নেন।