পাবনায় ডাকাতের হাতে যুবক নিহত
পাবনার আমিনপুরে ডাকাতের অস্ত্রের আঘাতে খুন হয়েছেন এক যুবক।
আমিনপুর থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার ভোর রাতে এ ঘটনায় ধোপসেলন্দি গ্রামের তিনটি বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা।
নিহত মানিক হোসেন (২৮) ওই গ্রামেরই নজরুল ইসলামের ছেলে।
ওসি জানান, ভোরের দিকে ডাকাতরা গ্রামের শুকুর আলী, আলিফ হোসেন, নজরুলের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে লুটপাট শুরু করে।
এ সময় নজরুলের ছেলে মানিক বাধা দিতে গেলে তাকে ডাকাতরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে ওসি জানান।
