৮১ তে পড়লেও কাজে ‘ক্লান্তি’ নেই মুহিতের
যতোদিন সুস্থ থাকবেন ততোদিন কাজ করে যাবেন বলে জানিয়েছেন ৮১ বছরে পা দেয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
৮০ বছর পার করার পর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমন দৃঢতার কথাই শুনালেন তিনি।
এ নিয়ে তৃতীয়বার অর্থমন্ত্রীর দায়িত্ব নেয়া মুহিত বলেন, “যতোদিন সুস্থ থাকবো ততোদিনই কাজের মধ্যে থাকতে চাই। এমনিতেই, আশি বছর বেঁচে থাকা বিশেষ ব্যাপার। তারপর এখনো আমি কাজ করে চলেছি। এই দীর্ঘ সময় কর্মময় জীবন কাটিয়েছি- সেজন্য আল্লাহ-তাহলার কাছে অশেষ শুকরিয়া।”
শনিবার ৮১ বছরে পা দিয়েছেন সাবেক এই আমলা, যার কাঁধেই টানা দ্বিতীয়বারের মতো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবন তন্ময়ের লনে একেবারেই ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিবারের সদস্যরা ছাড়াও সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইঞ্চাঁ, অর্থসচিব ফজলে করীমসহ আরো কয়েকজন সচিব, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় বেশ হাসি-খুশিই দেখায় মন্ত্রীকে। মেরুন রংয়ের কাপড়ে সামান্য কাজ করা পাঞ্জাবি পরে সদা হাস্যোজ্জ্বল অর্থমন্ত্রী নিজেই অতিথিদের অ্যাপায়ন করেন। সবার সঙ্গে কুশল-বিনিময়ও করতে দেখা যায় তাকে। ছুটোছুটি দেখে মনেই হচ্ছিলো না- এতোটা বছর পার করেছেন এই মানুষটি। চটপটি, ফুচকা ও বিভিন্ন পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন মুহিত।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মন্ত্রীর সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
“বয়সের কারণে একটু-আধটু ভুল-ভাল হয়ে যায়। তবে খেই হারাই না। মাঝে-মধ্যে অনেককেই ভুলে যাই। কিন্তু একটু স্মৃতি হাতড়ে আবারো চিনতে পারি। নিজে নিজেই পরীক্ষা করে দেখেছি- এই বয়সেও স্মৃতিশক্তি বেশ প্রখরই আছে,” বলেন তিনি।
কাজে কোনো ক্লান্তি নেই জানিয়ে মুহিত বলেন, “কাজের মধ্যে থেকেই বাকি জীবনটা শেষ করতে চাই। আশা করবো- আমার সহকর্মীরা সহযোগিতা করবেন।”
অর্থমন্ত্রী জন্মদিনের অনুষ্ঠানে অর্থনীতি নিয়ে কিছু বলবেন না- তা কী হয়!
“আমি স্বপ্নচারী মানুষ; আশাবাদী। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের এই দেশটা অনেক দূর এগিয়েছে। এই দেশের মানুষের মাথা পিছু আয় এখন এক হাজার ৪৪ ডলার। গত কয়েক বছরে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে আমরা অনেক এগিয়েছি। নোবেল বিজয়ী অমর্ত্য সেন অকপটে সেটা স্বীকার করেছেন।”
“আমরা আরো অনেক দূর এগিয়ে যাবো। কেউ আমাদের আটকাতে পারবে না। আমাদের শক্তি আমাদের কর্মঠ শ্রমশক্তি,” বলে চলেন আশাবাদী মানুষটি।
দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর সংকল্প জানিয়ে তিনি বলেন, “আমরা আমাদের এই দেশটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। আশা করছি, সফল হব। কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত এর আগে বলেছিলেন, তিনি এবার নির্বাচন করলেও মন্ত্রী হবেন না।
এ প্রসঙ্গে তিনি আবারো বললেন, “প্রধানমন্ত্রীর অনুরোধেই আমি এই দায়িত্ব নিয়েছি।”
১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মুহিত। অর্থনীতির পাশাপাশি কূটনীতিকেরও ভূমিকায় ছিলেন তিনি। বাহান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।
১৯৫১ সালে সিলেট এমসি কলেজ থেকে তৎকালীন সারা প্রদেশে আইএ পরীক্ষায় প্রথম স্থান, ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম এবং ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন।
চাকরিরত অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নসহ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি লাভ করেন তিনি।
১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেয়ার পর তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব্ পালন করেন তিনি।
বাংলাদেশে ১৯৭২ সালে পরিকল্পনা সচিব এবং ১৯৭৭ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগে সচিবের দায়িত্ব পালন করেন।
পাকিস্তান পরিকল্পনা কমিশনের প্রধান ও উপসচিব থাকাকালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য নিয়ে ১৯৬৬ সালে একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি।
ওয়াশিংটন দূতাবাসের তিনি প্রথম কূটনীতিবিদ, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের জুন মাসে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন।
১৯৮১ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে অর্থনীতি ও উন্নয়ন পরামর্শক হিসেবে ফোর্ড ফাউণ্ডেশন ও ইফাদে কাজ শুরু করেন তিনি।
১৯৮২ সালের মার্চ মাস থেকে ১৯৮৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি বিশ্বব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেন। ১৯৮৪ ও ১৯৮৫ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে উড্রো উইলসন স্কুলে ভিজিটিং ফেলো ছিলেন।
