২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে পুলিশের অস্ত্র লুট, ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আতিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 11:30 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

শনিবার বিকালে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

একই সঙ্গে ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান।

গঠিত তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান এসপি সৈয়দ ইসলাম।

শুক্রবার রাতে উপজেলার ফতেহপুর এলাকায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মামলায় আসামি ধরতে গেলে থানার দুই কনস্টেবলকে কুপিয়ে একটি শটগান ও একটি ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত দুই পুলিশ কনস্টেবলকে সোনারগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে ওইরাত ২টার দিকে ফতেহপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনিয়ে নেয়া শটগান এবং শনিবার সকালে ওয়াকিটকি উদ্ধার করে পুলিশ।

অস্ত্র লুটের এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে বলেও জানান পুলিশ সুপার।