২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে’

সংখ্যালঘুদের উপর হামলাকারী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সুলতানা কামাল।  

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আয়োজিত সভায় এ বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।

তিনি বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষের বসবাসের জন্য নয়, সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য।

১৯৭১ সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, বাংলাদেশের অস্তিত্বকে যারা ধারণ করতে পারেনি, আজ আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।

এরাই প্রতিটি নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও সম্পত্তি দখল করে। এদেরকে প্রতিহত করতে হবে।

এদের সঙ্গে যারা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যেকোনোভাবে সম্পৃক্ত তাদেরকেও বর্জন করার আহ্বান জানান সুলতানা কামাল।

তা করতে না পারলে যে ত্যাগ দিয়ে এ মাতৃভূমি অর্জিত হয়েছিল তা ভুলুন্ঠিত হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ১৯৭১ এর পরাজিত শক্তি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের তখনকার চেতনা বাঙালির উপর চাপিয়ে দিতে। তারা প্রগতিশীল রাজনীতিবিদ ও মুক্তচিন্তার মানুষকে হত্যা করে।

এই ‘অপশক্তিকে’ রুখতে সকলকে মতানৈক্য ভুলে একযোগে কাজ করতে হবে।

মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিতে সভায় আরো বক্তব্য রাখেন তালা-কলারোয়া আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, সাধারণ সম্পাদক গোষ্টবিহারী মন্ডল, ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, পূজা উদযাপন কমিটির নেতা স্বপন শীল, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা কমিটির সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, আইন ও সালিশ কেন্দ্র-ঢাকার পরিচালক (তদন্ত) নূর খান লিটন প্রমুখ।