চট্টগ্রামে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশায় আগুন দিয়ে হিন্দুদের সাতটি বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ঢেমশা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- উত্তর ঢেমশার রুহুল আমিন রুবেল (২৫), ঢেমশা বোর্ড অফিস এলাকার শফিক (২০) ও সুমন (১৮)। এরা তিনজনই ছাত্র শিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ জানুয়ারি ভোরে উত্তর ঢেমশার মুহুরী পাড়ায় হিন্দুদের বসত ঘরে আগুন দেয়ার ঘটনায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
“তারা ওই ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।”
কয়েকদিন আগে এ ঘটনায় জড়িত আরেক শিবির কর্মী মো. হোসেনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
পরে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ওই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানান ওসি খালেদ।
গত ১৭ জানুয়ারি ভোরে উত্তর ঢেমশা মুহুরী পাড়ায় আগুনে হিন্দুদের সাতটি বসত ঘর পুড়ে যায়।
ওই দিন ক্ষতিগ্রস্ত কংকন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদ নির্বাচনে ভোট দিতে নিষেধ করার পরও ভোট দেয়ায় বাড়িতে আগুন লাগানো হয়।
আগুনে কংকন, হারাধন দাশ, নারায়ন দাশ, অমর দাশ, অমল দাশ, দীপক দাশের বাড়ি পুড়ে যায়।
