২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা হবেই: তোফায়েল

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 04:20 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বিরোধী জোটবিহীন নির্বাচনের পর বাংলাদেশ কোন পথে যাচ্ছে- তার বিশ্লেষণে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপির সংলাপের আহ্বানের বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, “একটি নির্বাচন হয় ৫ বছরের জন্য। সরকার ৫ বছর থাকার চেষ্টা করে।

“আমরা কখনো বলিনি, সংলাপের প্রয়োজন নেই। অবশ্যই একাদশ সংসদ নির্বাচন হবে, এ জন্য আলোচনা হবেই।”

দশম সংসদ নির্বাচনে সব দলকে আনতে আওয়ামী লীগের চেষ্টা ছিল জানিয়ে তোফায়েল বলেন, “দুর্ভাগ্য সেটা হয়নি, তবে আমরা চেষ্টার ত্রুটি করিনি।”

বিএনপির নির্বাচনে অংশ না নেয়ায় সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি এবার অংশ নিল না, আগামীবার আওয়ামী লীগ যদি অংশ না নেয় , তখন কী হবে? এটা কি চলতে থাকবে?

“বিএনপি একটি প্রস্তাব মেনে নিয়ে আরেকটি প্রস্তাব দেয়নি। এতগুলো দায়িত্ব তো আওয়ামী লীগ নিতে পারে না। কাল যদি সংলাপ হয়-তখনো প্রথম আসবে- ‘সংসদ ভাঙতে হবে...শেখ হাসিনাকে মানি না...আরো কত কী’ এটা বাস্তবসম্মত নয়।”

নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে দেশের অগ্রগতি নিয়ে কাজ করবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এই অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, নারীনেত্রীরা এক হন।

তোফায়েলের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই আলোচনায় ছিলেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি  মির্জ্জা আজিজুল ইসলাম, শিক্ষক-কলামনিস্ট সলিমুল্লাহ খান, সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস আলোচনায় যোগ দেন।

নারীনেত্রী মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, নিজেরা করি’র প্রধান খুশি কবিরও ছিলেন এই আলোচনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আলোচনায় সাংবাদিক আমানুল্লাহ কবীর, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুও অংশ নেন।