ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার প্রথম দিনে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলনে মোট চারজনের মৃত্যু হল।
এজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আজম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে দুজন মারা গেছেন।
এরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর থানার মহেশকুন্দি পাকুড়িয়া এলাকার জিহাদ আলী (৫৩) এবং ময়মনসিংহের গফরগাঁও থানার পাগলা এলাকার শামসুদ্দিন (৬০)।
আজম আলী বলেন, ভোররাতে ৩৪ নম্বর খিত্তায় থাকা জিহাদ আলীর মৃত্যু হয় হৃদরোগে। এর আগে রাত ১০টার দিকে অজু করতে গিয়ে পড়ে গিয়ে মারা যান শামসুদ্দিন।
ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরুর আগে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য সেতুয়ালী এলাকার আব্দুল মজিদ (৬৫) ও ঢাকার কেরানীগঞ্জের ওমর আলীর (৪৮)।
শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব। ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।
চারদিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি থেকে আবার শুরু হবে তিন দিনের দ্বিতীয় পর্ব।
ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির সমাবেশ
