সোনারগাঁওয়ে দুই পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সংঘর্ষের মামলায় তদন্তে গিয়ে আসামিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি ওয়াকিটকিও নিয়ে গেছে হামলাকারীরা।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সনমান্দির দড়িকান্দি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শাহজাহান ও আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, জমি নিয়ে সংঘর্ষের একটি মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আজিজুল নামের একজনকে আটক করা হয়েছে। খোয়া যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধারে অভিযান চলছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একটি জমির মালিকানা নিয়ে সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বিল্লাল হোসেনের সঙ্গে একই এলাকার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বিরোধ ছিলো। সন্ধ্যায় সনমান্দির দড়িকান্দি ফতেপুর গ্রামে দুপক্ষের লোকজনের সংঘর্ষ হয়।
রাতে একদল পুলিশ ঘটনার তদন্ত করতে গেলে বিল্লালের লোকজন হামলা চালায়।
