হলি ফ্যামিলির শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ
রাজধানীতে দলিত সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী।
শুক্রবার বিকেলে রাজধানীর লক্ষ্মীবাজারের ঋষিপাড়া ও নরসিংহ আখড়া এবং ওয়ারির ঋষিপাড়ায় তারা দেড় শতাধিক কম্বল বিতরণ করেন।
হলি ফ্যামিলি মেডিকেলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমানুল হক, সুরভি রায় ও তাসনীম জিনাত দরিদ্র পরিবারগুলোর সদস্যদের হাতে কম্বল তুলে দেন।
সুরভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীতে গরীব মানুষের কষ্টের কথা চিন্তা করে আমরা কয়েক বন্ধু মিলে সহপাঠীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এসব কম্বল কিনেছি।”
এবার রাজধানীতে বিতরণ করলেও সামনে বছর আরো বড় পরিসরে শীতবস্ত্র সংগ্রহ করে ঢাকার বাইরে শীতার্তদের মাঝে সেগুলো নিয়ে যেতে চান বলে জানান তাসনীম।
তিনি বলেন, “এবার প্রথমবারের মতো আমরা এ কাজ করলেও আমাদের সহপাঠীরা খুব আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছেন। সামনে আমরা অসহায় মানুষদের জন্য আরো অনেক কিছু করতে চাই।”
নরসিংহ আখড়ার অনন্যা দাস বলেন, “ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে এই কাজে এগিয়ে আসায় আমার খুব ভালো লাগছে। তাদের এই সহায়তায় শীতের কষ্ট একটু হলেও লাঘব হবে।”
নরসিংহ আখড়ার বাসিন্দাদের সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী বলেন, এই এলাকাগুলোতে এবারই প্রথম শীতবস্ত্র বিতরণ করা হলো।
এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজে ছাত্রছাত্রীরা আরো বেশি অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
