‘বন্ধুরা’ খুন করে বালিচাপা দেয় কিশোর রায়হানকে
কুড়িগ্রামের এক স্কুলছাত্রকে খুন করে বালিচাপা দেয়ার কথা পুলিশকে জানিয়েছে তার এক বন্ধু।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে অপহরণের পাঁচদিন পর বুধবার বিকালে লালমনিরহাট সদরের মোগলহাট এলাকায় ধরলা নদীর চরে বালিচাপা দেয়া রায়হানের (১৪) লাশ পাওয়া যায়।
রায়হান কুড়িগ্রাম সদরের রৈমারী গ্রামের এরশাদ হোসেনের ছেলে। সে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান, গত ১৮ জানুয়ারি রায়হানকে ক্রিকেট খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। পরে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ ঘটনায় রায়হানের বাবা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ মামলার পর কুড়িগ্রাম থানা পুলিশ রায়হানের বন্ধু সাগরকে (১৫) গ্রেপ্তার করে। জিঞ্জাসাবাদে সাগর জানায় যে, রায়হানকে হত্যার পর ধরলা নদীর পাড়ে বালু চাপা দেয়া হয়।
এরপর সাগরকে সঙ্গে নিয়ে রায়হানের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সাগর পুলিশকে জানিয়েছে। সাগর নিহত রায়হানদের বাড়িতে ভাড়া থাকে।
ওসি জমির উদ্দিন আরো জানান, রায়হানের লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
