২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন বিএনপির খোকন ও বকুল

নাশকতার মামলায় প্রায় এক মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নরসিংদীর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 01:25 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

আদালত থেকে জামিন পাওয়ায় বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিএনপির এই দুই নেতা বেরিয়ে আসেন।

গত সোমবার বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে তিন মামলায় ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট।

বিএনপির ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচির দুই দিন আগে গত ২৬ ডিসেম্বর খোকনকে এবং তার আগের রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে থেকে বকুলকে আটক করে পুলিশ।

গত ২৪ ডিসেম্বর রাতে বাংলামোটরে পুলিশের গাড়িতে আগুন দিয়ে একজনকে হত্যা মামলায় খোকনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া গত বছর ৫ মে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলা এবং নভেম্বরে কমলাপুর থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৮ ডিসেম্বর  খোকনকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেয়া হয় বলে কারাধ্যক্ষ মো. জান্নাতুল ফরহাদ জানান।

এদিকে আটকের পরদিন ২৬ ডিসেম্বর সাখাওয়াত হোসেন বকুলকে গ্রেপ্তার দেখানো হয় বাটারা থানায় দায়ের করা সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের একটি মামলায় ।

ওই দিনই আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

কারাধ্যক্ষ ফরহাদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই দুজনের জামিনের কাগজ-পত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই করে বুধবার বেলা ১১টার দিকে তাদের মুক্তি দেয়া হয়।