২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল ডলার তৈরির সরঞ্জামসহ ৩ বিদেশি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ডলার জাল করার সরঞ্জামসহ তিন বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের দুজন আফ্রিকান এবং অন্যজন দক্ষিণ আমেরিকান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 12:04 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

তারা জাল ডলারের আন্তর্জাতিক চক্রের সদস্য বলে পুলিশের দাবি। ইন্টারপোল থেকে তথ্য পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাতে উত্তরার ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে একটি বাসা থেকে তিন আফ্রিকানকে গ্রেপ্তার করা হয়।

এই তিনজন হলেন- পেরেজ ওয়াই পেরেজ ইফরেইন (৩৭), সেন কেরিন ন্যাটি (৩৬) ও মিকো স্যান্ডিও নাটালি লোরেল (২১)। ইফরেইন ও ন্যাটি ক্যামেরুনের নাগরিক, লোরেলের দেশ গুয়েতেমালা।

তাদের কাছে জাল ডলার তৈরির কাগজ, রাসায়নিক, নির্দেশিকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই তিন বিদেশি মুদ্রা জালিয়াতির একটি আন্তর্জাতিক চক্রের সদস্য। তাদের বিষয়ে ইন্টারপোল থেকে এর আগে বাংলাদেশ পুলিশকে সতর্ক করা হয়েছিল।

এরা প্রায় তিন মাস আগে টুরিস্ট হিসেবে ঢাকায় এসেছিল বলে তাদের পাসপোর্ট থেকে জেনেছে পুলিশ।

জাল ডলার বিক্রি করে মানুষকে প্রতারিত করাই ছিল তাদের পেশা বলেও ধারণা করছেন গোয়েন্দারা।

জালিয়াত চক্রে আর কারা রয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই বিষয়ে তিন বিদেশি মুখ খোলেননি।

মনিরুল বলেন, “তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ভাষা একটি প্রতিবন্ধকতা। তারা ইংরেজি খুব কম বলছে।”

তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম।