২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল

খালেদা জিয়ার বক্তব্য নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মধ্যেই সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 11:02 AM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বুধবার বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছ্নে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সারাদেশে যৌথ অভিযানের নামে নেতা-কর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন, বিচারিক আদালতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় খালাসের পর উচ্চ আদালতের আপিলসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা করবেন ভারপ্রাপ্ত মহাসচিব।”

নির্বাচন ঘিরে পুলিশের কড়াকড়ির মধ্যে দুই মাস কার্যত বন্ধ থাকার পর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এটাই হবে মির্জা ফখরুলের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

গত বছর ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকেই সাতক্ষীরায় ব্যাপক সন্ত্রাস-নাশকতা চালিয়ে আসছে দলটির কর্মীরা, যাদের ধরতে সম্প্রতি যৌথ অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত সোমবার সোহরাওয়ার্দী উদ্যোগে বিএনপির সমাবেশে ওই অভিযান নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়া।

তিনি বলেন, “আপনারা দেখেছেন, সাতক্ষীরা একটি ছোট জায়গা। কীভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে। আদৌ যৌথ বাহিনী ছিলো কিনা, সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। বাংলাদেশের পুলিশ ও অন্য বাহিনী এতো নিষ্ঠুর হবে, এটা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। তাদের কাজ-কর্ম দেখে মনে হয় না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট আছে আছে।”

তার ওই বক্তব্যের তীব্র সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেন, যৌথঅভিযান নিয়ে খালেদা ‘মিথ্যাচার’ করেছেন।

ওই বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহসম’ দাবি করে আশরাফ বলেছেন, “২৪ ঘণ্টার মধ্যে তাকে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

সাতক্ষীরায় অভিযান নিয়ে প্রশ্ন খালেদার

মুরব্বি ধরে কাজ হবে না: খালেদাকে আশরাফ

খালেদাকে মাফ চাইতে বললেন ইনু