২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচেতন করে মালামাল লুট, গৃহকর্ত্রীর মৃত্যু

রাজধানীর কদমতলী নতুন জুরাইনে ‘নেশা জাতীয় দ্রব্য’ খাইয়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে ঘরের মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 07:44 PM

Updated : 22 Aug 2022, 05:33 PM

সোমবার রাতের এই ঘটনায় ওই বাড়ির গৃহকর্ত্রী সমর্ত বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্বামী নুরুল ইসলামকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার ওসি মো. মাযহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোতলা বাড়ির দ্বিতীয় তলায় ওই দম্পতি থাকতেন। চলতি মাসেই নিচতলা ভাড়া নেন রাজ্জাক নামের ব্যক্তি।

ঘটনার পর থেকে নিচতলার ওই ভাড়াটিয়া বা তার পরিবারের কাউকে খুঁজে পায়নি পুলিশ।

ওসির ধারণা, কৌশলে বাড়ির মালিক ও তার স্ত্রীকে খাবারের সঙ্গে ‘নেশাজাতীয় কিছু’ খাইয়ে অচেতন করে ফেলা হয় এবং রাতের কোনো এক সময় লুটপাট চলে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে এক আত্মীয় তাদের বাসার এসে সবকিছু এলোমেলো দেখে পুলিশে খবর দেয় এবং নুরুলকে হাসপাতালে পাঠান।