২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর আপিলে যুক্তিতর্ক ২৮ জানুয়ারি থেকে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আগামী ২৮ জানুয়ারি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের মধ্যে এটি দ্বিতীয়, যার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হতে যাচ্ছে।

প্রথমটিতে আব্দুল কাদের মোল্লার আপিলের রায় হয়, যাতে তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়ার পর তা গত মাসে কার্যকরও হয়েছে।

মঙ্গলবার আদালতে সাঈদীর আইনজীবী এসএম শাহজাহান আসামিপক্ষের ১৬ ও ১৭তম সাক্ষীর জেরা বিষয়ে উপস্থাপন শেষ করেন। এর মাধ্যমে দুই পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা বিষয়ে উপস্থাপন শেষ হয়।

সাক্ষ্য পেশ শেষে আইনজীবী সময়ের আবেদন জানিয়ে বলেন, তাদের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কারাগারে রয়েছেন। দেশের বাইরে রয়েছেন আব্দুর রাজ্জাক।

আদালত আবেদন মঞ্জুর করে ২৮ জানুয়ারি যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুরুর দিন ধার্য করেন। যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এই রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করে।

গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সারসংক্ষেপ জমা দেয় রাষ্ট্রপক্ষ। ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ।