২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চুরির সোনাসহ ২ বোন, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চুরি হওয়া ১১ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ দুই বোনকে কুড়িগ্রাম ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ শহর থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 03:47 PM

Updated : 22 Aug 2022, 05:33 PM

জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।  

তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকা থেকে  একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছোরাসহ সজীবকে (১৮) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার বর্ষারচরে।

সজীব ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন জানিয়ে এসপি বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।  

এদিকে সোমবার রাতে স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এবং ঢাকার দুয়ারিপাড়া থেকে মর্জিনা বেগম (৪০) ও তার বোন মুসলিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, ফতুল্লার আফাজনগর এলাকায় ব্যবসায়ী আবুল হোসেন সিকদারের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আসামিদের ধরতে ওই দুই স্থানে অভিযান চালানো হয়।  

তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১১ লাখ টাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় বলে জানান তিনি।