২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বরযাত্রীর গাড়ীবহর আটকে লুটপাট

ঢাকার সাভারে বরযাত্রীর গাড়ীবহরসহ প্রায় ১০টি গাড়ি আটকে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 02:17 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

সোমবার মধ্যরাতে সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ  ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের আঘাতে কয়েক বরযাত্রী আহত হন বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, “বরযাত্রীবাহী গাড়ী ব্যারিকেড দিয়ে দুর্বৃত্তরা লুটপাট করেছে। এটি ডাকাতি নাকি বিয়ে নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা চালানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

বরযাত্রীদের গাড়ীতে থাকা আরতি সাহা বলেন, আশুলিয়ার রুস্তমপুর এলাকার নারায়ন সাহার বাড়ী থেকে বর রনি সাহাকে নিয়ে তারা সাভারের আড়াপাড়ায় যাচ্ছিলেন।

“রাত সাড়ে ১১টার দিকে কলমা এলাকায় পৌঁছালে ৩০/৩৫ জনের একটি দল  অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের গাড়ীকে সিগন্যাল দেয়। তারা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়,” বলেন তিনি।

এ সময় বর ও কনের গহনাসহ প্রায় ৫০ ভরি সোনার গহনা ছিনতাই হয় বলে জানান তিনি।

লুটপাটের এক পর্যায়ে বরযাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।