খুলনায় ট্রাকচাপায় নানি-নাতির মৃত্যু
খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধা ও তার নাতি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ফুলতলা এম এম কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন-সখিনা বেগম (৪৮) ও তার নাতি রোমান মোল্লা (১২)।
এ ঘটনায় আহত রোমানের মা কেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস ফকির জানিয়েছেন।
হতাহতদের বাড়ি উপজেলার বুড়িয়ারডাঙ্গা গ্রামে।
ওসি ইলিয়াছ ফকির জানান, সকালে ওই বৃদ্ধা তার মেয়ে ও নাতিকে নিয়ে কবিরাজ দেখাতে হেটে শাহপুর যাচ্ছিলেন। এম এম কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নানি-নাতির মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
