২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদসহ বিএনপির ৫ নেতার জামিন

মতিঝিল থানার দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 12:53 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

এই পাঁচজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তাদের আবেদনের শুনানি করে বিচারপতি নিজামুল হক ও মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার জামিন মঞ্জুর করেন।

বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর ওই পাঁচ নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ দুই মামলায় তাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা ছিল, এর মধ্যে তিনটিতে তিনি বিচারিক আদালতেই জামিন পেয়েছেন।

বাকি দুই মামলায় হাই কোর্ট জামিন দেয়ায় ব্যবসায়ী নেতা মিন্টুর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানান তারা।

৫ বিএনপি নেতাকে গ্রেপ্তার-হয়রানি নয়