মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি পারাপার ফের শুরু হয়েছে।
নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, কুয়াশা কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নৌপথে পারাপার চালু করা হয়।
এর আগে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১২টা থেকে এই পথে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল।
পারাপার চালুর পরপরই রাত থেকে পদ্মা নদীর মাঝখানে নোঙ্গর করে রাখা যাত্রীবাহী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, শাহ মখদুম এবং কে টাইপ ফেরি কনকচাঁপা, কলমিলতা, কাকলী ও ডাম্প ফেরি থোবাল, টাপুল, লেনটিংসহ মোট নয়টি ফেরি গন্তব্যে রওনা দিয়েছে।
সেইসঙ্গে পারাপারের অপেক্ষায় দুই ঘাটে দাঁড়িয়ে থাকা পরিবহনের লাইনও কমে আসছে।
