শরীরে আগুন দিয়ে ‘আত্মহত্যা’
গাজীপুরে নিজের শরীরে আগুন দিয়ে এক পিঠা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার রাতে গাজীপুর সদর উপজেলার বারবৈকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হকের (৪০) বাড়ি কিশোরগঞ্জে। তিনি বারবৈকা এলাকার আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পিঠা বিক্রি করতেন।
অবশ্য আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরাও কিছু জানাতে পারেনি।
বাড়ির মালিক আফাজ উদ্দিন জানান, আব্দুল হক স্ত্রী ও এক মেয়ে নিয়ে দীর্ঘ দিন ধরে তার বাড়িতে ভাড়া থাকেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির ছাদে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে তিনি আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, আব্দুল হককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আগুনে তার মুখ, বুকসহ শরীরের অধিকাংশ অংশ ঝলসে গিয়েছিল।
