মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব যাচাই চলছে
দশম জাতীয় নির্বাচনে অংশ নেয়া মন্ত্রী-এমপিদের দেওয়া হিসাব নিরীক্ষা শেষে গরমিল পাওয়া গেলে সম্পদের বিষয়ে অনুসন্ধানের ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন।
সোমবার দুপুরে দুদক কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব নিয়ে পরীক্ষা- নিরীক্ষা করছি। যদি সম্পদে কোনো গরমিল পাওয়া যায় তাহলে অনুসন্ধান চালানোর অনুমোদন দেয়া হবে।”
এই নিরীক্ষার আওতায় মন্ত্রী-সাংসদদের স্ত্রী-সন্তান ও পোষ্যদের সম্পদের হিসাবও থাকবে বলে জানান তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের দিকনির্দেশনা অনুসরণ করে তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়জুর বলেন, “সরকারি এক বিঘা ১৩ কাটা জমি পরস্পর যোগসাজসে আত্মসাত করার অপরাধে সাবেক মন্ত্রী মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দেয়া হয়েছে।”
এছাড়াও সাবেক বিএনপি সরকারের অপর মন্ত্রী এম মোরশেদ খানের নামে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদের অভিযোগেও মামলার অনুমোদন দেয়া হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাওয়া ১০ হাজার ৩৪টি অভিযোগের প্রেক্ষিতে গত বছর দুদক ৩৫০টি মামলার অনুমোদন দেয়।
এছাড়াও ৫১৭টির চার্জশিট দখিল করা হয়েছে এবং ৪০৯টি অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।
