নারায়ণগঞ্জে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আটক
রাজধানীতে ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির ৫৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়া ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় নেতাকর্মীদের বহনকারী দুটি বাসও আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান জানান, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ফতুল্লা, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজারে এসব অভিযান চালানো হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুটি বাসে করে ফতুল্লা পাগলা তালতলা থেকে ঢাকায় সমাবেশে আসার প্রস্তুতি নেয়ার সময় ৪৫ জনকে আটক করা হয়। সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার থেকে আটক করা হয় আরো ১৪ জনকে।
বিএনপিবিহীন ভোট হয়ে যাওয়ার পর গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারাদেশে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন চেয়ারপার্সন খালেদা জিয়া।
এছাড়া আওয়ামী লীগের ৫ জানুয়ারির ‘একদলীয় নির্বাচন’ বর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকেলে সমাবেশ ডাকেন তিনি।
