২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে যুগান্তরের বিরুদ্ধে মামলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ‘অসত্য’ প্রতিবেদন প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চাঁদপুরের কচুয়া যুবলীগের এক নেতা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 03:35 PM

Updated : 22 Aug 2022, 05:33 PM

সোমবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসিম কুমার দের আদালতে কচুয়া উপজেলা যুবলীগের সদস্য কাজী এনামুল হক শামীম মামলাটি দায়ের করেন।

মামলার বিবাদীরা হলেন- যুগান্তরের প্রকাশক ও সাংসদ সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রধান প্রতিবেদক এনাম আহমেদ ও বার্তা সম্পাদক আবদুর রহমান।

বাদিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের আগামী ১১ মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ জানুয়ারি দৈনিক যুগান্তরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ছবিসহ ‘হেভিওয়েট প্রার্থীরা যে কারণে বাদ পড়লেন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে, যা খুবই ‘আপত্তিকর’।

এছাড়া গত ১৭ জানুয়ারি একই পত্রিকায় ‘বাদপড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সম্পত্তি ও নগদ অর্থ বেড়েছে রাতারাতি’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এসব ‘কাল্পনিক ও অসত্য’ সংবাদ প্রকাশ করায় সাবেক দুই মন্ত্রীর মানহানির অভিযোগ এনে মামলায় দুইশ’ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও করা হয়েছে।

মামলায় সাক্ষী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি  মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান (কালু) ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, সাইফুদ্দিন বাবুসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।