কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে
কক্সবাজার বিমানবন্দরকে আগামী তিন মাসের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাইস্পিড ট্যাক্সিওয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নতুন সরকারের বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মেনন বলেন, “কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে আমার প্রধান প্রায়রিটি, কারণ এর সঙ্গে পর্যটনও জড়িত।
“আগামী তিন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ আশা করি শুরু করতে পারব।”
“বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক)বিষয়টির সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। তারা আগামী ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবে।”
এর আগে মন্ত্রী ডেনমার্কের সহায়তা প্রকল্পের অধীনে বিমানবন্দরের হাইস্পিড ট্যাক্সিওয়ের উদ্বোধন করেন।
রেডনমার্কের সহা্য়তায় ৫৬৭ কোটি টাকার প্রকল্পের আওতায় শাহজালাল বিমানবন্দরের আধিুনিকায়নের কাজ চারটি ভাগে সম্পন্ন হচ্ছে।
এগুলো হলো সাউথ ট্যাক্সিওয়ে, হাইস্পিড ট্যাক্সিওয়ে, নর্থ ট্যাক্সিওয়ে এবং সেন্ট্রাল ট্যাক্সিওয়ে নির্মাণ। এর মধ্যে সাউথ ট্যাক্সিওয়ে ও হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ শেষ হয়েছে।
বেবিচক থেকে জানানো হয়েছে, হাইস্পিড ট্যাক্সিওয়ে চালু হওয়ায় যে কোন উড়োজাহাজ অবতরনের পরে দ্রুত রানওয়ে ত্যাগ করতে পারবে। এতে উড়োজাহাজের জ্বালানি সাশ্রয় বেড়ে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল ইজকার, বেবিচক চেয়ারম্যান মাহমুদ হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন স্টিল প্রমুখ।
