গাজীপুরে ট্রাকচাপায় কিশোরী নিহত
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে এক কিশোরী নিহত হয়েছে।
রোববার সকালে উপজেলার তরগাঁও ব্রিজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত হয় ভেঙ্গুরদী এলাকার তমিজ উদ্দিনের মেয়ে শামীমা আক্তার (১৬)। শামীমা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক এস জুবায়ের হোসেন জানান, টোক এলাকা থেকে অটোরিকশায় করে শামীমা কাপাসিয়া উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে তরগাঁও ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত শামীমাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
