গাজীপুরে রেস্তোরাঁয় ঢুকে যুবককে গুলি
গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে পুলিশ সুপারের কার্যালয়ের কাছে একটি রেস্তোরাঁয় ঢুকে এক যুবককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতের এ ঘটনায় আহত মো. সাগর আহাম্মেদ (২৮) শহরের ছায়াবিথী এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
জয়দেবপুর থানার এসআই মুখলেছুর রহমান জানান, রাত ৯টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে এএফসি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ নামের একটি রেস্তোরাঁয় কয়েকজনকে নিয়ে খাচ্ছিলেন সাগর। এ সময় আকস্মিক দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে দুই/তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
সাগরকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাওসার মীর জানান, সাগরের বুকের বামপাশে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেয়া হয়।
এদিকে রাতে কালিয়াকৈর উপজেলার হিজলতলী থেকে বন্দুক ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন-উপজেলার পাইকপাড়া এলাকার ফিরোজ হোসেন (৩০) ও গাইবান্ধার সাইদুল্লাহপুরের চেরেঙ্গা এলাকার আবদুর রশিদ।
জয়দেবপুর থানার এসআই মুখলেছুর রহমান জানান, দুজনের দেহ তল্লাশি করে একটি বন্দুক ও চার রাউন্ড গুলি পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে হিজলতলীতে অভিযানে যায় পুলিশ। পরে এলাকার একটি বাড়ি থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
