২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেয়ায় গাজীপুরে এএসআই প্রত্যাহার

আসামির স্বজনদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গাজীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হযেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 10:53 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেনের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক।

ওসি ওমর ফারুক জানান,  এএসআই জাকির হোসেন এক আসামির স্বজনদের কাছ থেকে ঘুষ নিলে ওই ঘটনার কথোপকথন রেকর্ড করে কর্তৃপক্ষের কাছে দেয়া হয়।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন জানান, এএসআই জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ থাকায় তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

গত ১২ জানুয়ারি রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকা থেকে আনোয়ারুল নামে এক যুবককে গ্রেপ্তার করেন জাকির। ওই যুবক একটি কারখানার বিক্রয় প্রতিনিধি।

ওই যুবকের কাছ থেকে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় এএসআই জাকির দুই দফায় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন বলে আনোয়ারুলের স্বজনরা দাবি করেন।

ঘুষ লেনদেনের সময়ের কথোপকথন তারা জাকিরের অগোচরে রেকর্ড করে রাখেন।