নড়াইলে বিরোধ মেটাতে গিয়ে খুন
বিরোধপূর্ণ জমির সালিশ করতে গিয়ে নড়াইলের নড়াগাতি এলাকায় এক ব্যক্তি খুন হয়েছেন।
শনিবার সকালে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ফিরোজ ভূঁইয়া (৫৫) কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা।
নড়াগাতি থানার এস আই শেখ সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিনগর গ্রামে আলমগীর ভূঁইয়া ও মিজানুর ভূঁইয়ার মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ ছিল। বিরোধের মীমাংসা করতে শনিবার সকাল ৯টায় দিকে আলমগীরের বাড়িতে উভয় পক্ষের সালিশ বসে।
“সালিশ চলাকালীন কথাকাটির এক পর্যায়ে আলমগীর ছোরা দিয়ে ফিরোজ ভূঁইয়াকে বুকে আঘাত করে।”
আশংকাজক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এসআই সাইফুল।
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
