জামায়াত সার্বভৌমত্বে বিশ্বাস করে না: নূর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জামায়াত-শিবির বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকাকে বিশ্বাস করে না।
তিনি বলেছেন, “স্বাধীন বাংলাদেশে বসবাস করে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছে অথচ সেই দেশের সাধারণ মানুষকে তারা হত্যা করছে।”
শনিবার নীলফামারী জেলা আওয়ামী লীগ দেয়া গণসংর্বধনায় এদের সব প্রতিহিংসার জবাব দিতে এখন থেকেই সোচ্চার হওয়ার আহ্বান জানান স্থানীয় এই সংসদ সদস্য।
বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে মন্তব্য করে নূর বলেন, তাদের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই। সেজন্য সফলও হতে পারেনি।
“গণতান্ত্রিক কর্মসূচির নামে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, লুটপাট, রাস্তা, গাছপালা কেটে ফেলা, সরকারি সম্পদ ধ্বংস, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করে তারা পাকিস্তানি বাহিনীর মত কার্যক্রম শুরু করেছে।”
সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি জামায়াতের রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মসূচি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের কথাও বলেন তিনি।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত বিদেশি, তারা বাংলাদেশের স্বাধীনতা, পতাকা, শহীদ মিনার এমনকি বাঙালির অর্জনগুলো কোনোভাবে বিশ্বাস করে না।
“তারা কখনো আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেনি, পালন করেনি মহান স্বাধীনতা, বিজয়, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস এমনকি পহেলা বৈশাখও। কারণ তারা বাঙালির অর্জনগুলো আজও মেনে নিতে পারেনি।”
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক এমএলএ জোনাব আলী, রাহাত হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা।
সভায় জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রেসক্লাব, উন্নয়ন সংস্থা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আসাদুজ্জামান নূর নীলফামারীবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মন্ত্রী হওয়াটা বড় কথা নয়, দায়িত্ব পালন করাটাই বড় কথা।”
নীলফামারী-২ আসনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
