২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক ধারার শিক্ষা নয়, একমুখী শিক্ষা ব্যবস্থা হবে’

পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে বাংলাদেশেও এক ধারার নয়, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 06:13 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

তিনি বলেছেন, “পৃথিবীর সবখানেই শিক্ষার বিভিন্ন ধারা আছে, এই দেশেও থাকবে। আমরা চেষ্টা করছি, একমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে। অর্থাৎ কিছু কিছু বিষয় সবাইকে পড়তে হবে ।”

শনিবারে রাজধানীতে ‘শিক্ষা খাতে নীতি পরিকল্পনা ও অর্থায়নের সমন্বয়’ বিষয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সভায় কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি করছে উল্লেখ করে আলোচকদের মধ্য থেকে কওমি শিক্ষা বন্ধ করার প্রস্তাব ওঠলে তিনি বলেন, “জঙ্গি তৈরির বিষয়টি শিক্ষানীতির বিষয় না, এটা আইনশৃঙ্খলার বিষয়।”

খলীকুজ্জামান বলেন, “আমরা ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা প্রবর্তন করব, তবে ধর্মহীন নয়। সবাইকে সব ধর্ম সম্পর্কে পড়তে হবে- এধরনের ব্যবস্থা নিয়ে আমরা চিন্তা করছি।”

শিক্ষা খাতে বর্তমানে যে বরাদ্দ দেওয়া হয়, তা আরো বাড়ানো সম্ভব মনে করেন মনে করেন এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, “তবে যে টাকা আসছে সেটার ব্যবহার নিশ্চিত করতে হবে, শিক্ষার জন্য টাকার কোনো সমস্যা দেখি না।

প্রসাশনিক ব্যবস্থাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “টাকার বাস্তবায়ন এবং এর মনিটরিং জরুরি।”

সভায় আলোচকরা জানান, শিক্ষা খাতের বরাদ্দ অর্থ প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছার আগেই অনেক অপব্যবহার হয়, যা বেশির ভাগটাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা অফিসার ও স্কুল কমিটির হাতে চলে যায়।

শিক্ষা খাতে বর্তমান বরাদ্দ জিডিপির ২ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম।

সভায় স্কুলে দুপুরের খাবার সরবরাহ, স্কুলের তদারকি নিশ্চিত করা এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির ওপর জোর দেন আলোচকরা।

বেসরকারি সংস্থা অ্যাকশন এইড, নাগরিক সংহতি ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) যৌথ আয়োজনে ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তন এসভা অনুষ্ঠিত হয়।

নাগরিক সংহতির সভাপতি এএসএম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আখতারুজ্জামান, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান।

সভায় গবেষণাপত্র উপস্থাপনা করেন আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ ।