২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার শিকারদের পুনর্বাসনের আশ্বাস

বিরোধী দলের হরতাল-অবরোধে নাশকতার আগুনে যারা দগ্ধ হয়েছেন, যাদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 02:19 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। নতুন সরকারে মন্ত্রী হওয়ার পর এটাই ছিল তার প্রথম যাওয়া।

নাসিম সাংবাদিকদের বলেন, “অগ্নিদগ্ধরা সুস্থ হলে তাদের পুনর্বাসন করা হবে, এটা প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বলার জন্য।”

চিকিৎসাধীন ২০ জনকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানও দেন তিনি।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের কর্মসূচিতে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ও পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ২০ জন। আহত হন অনেকে।

নাসিম বলেন, “আন্দোলনের নামে নিরীহ খেটে খাওয়া মানুষকে পুড়িয়ে মারার ইতিহাস পৃথিবীর কোথাও নেই, এটাই প্রথম।

“বিএনপি-জামায়াতের জোট সেই খারাপ নজির সৃষ্টি করেছে। তা চিরকালেই ঘৃণিত হবে।”