রক্ত-ব্যান্ডেজে প্রাণচঞ্চল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চে দফায় দফায় হামলায় আহত মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম রক্ত-ব্যান্ডেজ নিয়েও রয়েছেন অবিচল, যিনি একাত্তরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে বোমায় আহত হয়েছিলেন।
শুক্রবার সন্ধ্যায় বগুড়ার উপকণ্ঠে জাগরণের রোডমার্চে হাতবোমার আঘাতে ভেঙে যায় এই মুক্তিযোদ্ধার গাড়ির কাচ। ভাঙা কাচ বেঁধে তার মাথায়, রক্ত গড়িয়ে ভিজে যায় গেঞ্জি-ট্রাউজার।
এরপর বগুড়ায় ব্যান্ডেজ করে ওষুধ নিয়ে মাকসুদুল ফিরে আসেন রোডমার্চের সহযোদ্ধাদের কাছে। আহত অবস্থাতেও রাতে জাগরণকর্মীদের সঙ্গেই ছিলেন, ঘুরে ঘুরে নবীন যোদ্ধাদের আন্দোলনে দিয়েছেন উৎসাহ।
শনিবার সকালে রোডমার্চের চাকা আবার গড়ালে বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে জাগরণের বার্তা পৌঁছে দিতে থাকেন সদা হাস্যমুখ, সদালাপী এই মুক্তিযোদ্ধা।
রংপুরের পীরগঞ্জে পথসভা চলাকালে মাকসুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত হওয়া তো বড় কোনো বিষয় না। সকলের সঙ্গে আছি এটাই বড় বিষয়।
“ব্যথা একটু লাগে, তবে মনের দিক থেকে ভেঙে পড়লে তো শুয়ে থাকতে হবে। এ কারণে সবার সঙ্গেই আছি।”
একাত্তরের ১৭ জুলাই সিলেটের ধলাই এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প আক্রমণ করতে গিয়ে শত্রুর বোমায় আহত হন মাকসুদুল।
“সেই সময় ভারতের কমলপুরে প্রায় দেড়মাস চিকিৎসা নিয়ে যুদ্ধে ফিরে আসি। তখনো পুরো সুস্থ হইনি। কিছুদিনের মধ্যেই আঘাতের বিভিন্ন জায়গা পেকে যায়। এরপর আবার চিকিৎসা নিতে হয়।”
তখনকার ইস্ট পাকিস্তান রাইফেলসের এই সদস্যকে স্বাধীনতার পরও চিকিৎসা নিতে হয়েছে।
“এখনো দুটি স্প্লিন্টার দেহে রয়ে গেছে। তবে সেগুলো তেমন একটা সমস্যা করে না”, বলেন এই মুক্তিযোদ্ধা।
মাসকসুদুলকে দেখে উজ্জীবিত জাগরণকর্মী সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে প্রথম থেকেই দেখে এসেছি। তার প্রাণচাঞ্চল্য দেখে অবাক হয়েছি। তিনি আসলে মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চান।
“বয়স হলেও মনের দিক থেকে তিনি তরুণ আছেন। তার মাথায় সিরিয়াস আঘাত, এ জন্য আমি তার সঙ্গে কথা বলিনি। কিন্তু এরপরও তাকে দারুণ উৎসাহে সবার সঙ্গে কথা বলতে দেখেছি।”
